চণ্ডী লাহিড়ী

স্পেনের রাজা ছিলেন আলফানসো দ্য থার্টিনথ (ত্রয়োদশ আলফানসো) তাঁর খেয়াল হল বাগদাদের হারুন-অল রশিদের মতো ছদ্মবেশে দেশের অবস্থা, বিশেষত প্রজাদের অবস্থা দেখবেন। রাজধানী মাদ্রিদ ছেড়ে নানা গ্রাম শহর ঘুরতে ঘুরতে এক সরাইখানায় একদিন গিয়ে হাজির। পোশাক খুব সাধারণ। রাত্রিবাসের জন্য এক সরাইখানায় হাজির হলেন। পরদিন ভোরে উঠে তিনি ক্ষৌরকর্ম করতে বসলেন। আগত অতিথির সুন্দর চেহারা দেখে সরাইমালিকের লোকটিকে খুব পছন্দ হল। নিজেই দরজা ঠেলে ভদ্রলোকের সঙ্গে আলাপ শুরু করলেন।
—আপনি এ শহরে নতুন এসেছেন। আলাপ করতে এলাম।
—বসুন।
—আপনি নিশ্চয়ই শহরে থাকেন?
—হ্যাঁ।
—নিশ্চয়ই দেশের রাজধানী মাদ্রিদে?
—হ্যাঁ।
—বোধ হয় রাজকর্ম করেন।
—হ্যাঁ রাজকর্ম করি।
—তাহলে নিশ্চয়ই মাঝে মাঝে রাজার সঙ্গে দেখা হয়?
—হয়। মাঝে মাঝেই দেখা হয়।
—রাজার ঠিক কোন কোন কাজ আপনাকে করতে হয়?
—প্রায় সব রাজকার্যই করতে হয়। এমনকি দাড়িটাও কাটতে হয়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন