রবীন্দ্রনাথ ঠাকুর
তখন একটা রাত, উঠেছে সে তড়বড়ি
কাঁচা ঘুম ভেঙে ৷ শিয়রেতে ঘড়ি
কর্কশ সংকেত দিল নির্মম ধ্বনিতে ৷ ৷
অঘ্রানের শীতে
এ বাসার মেয়াদের শেষে
যেতে হবে আত্মীয়পরশহীন দেশে
ক্ষমাহীন কর্তব্যের ডাকে ৷
পিছে পড়ে থাকে
এবারের মতো
ত্যাগযোগ্য গৃহসজ্জা যত ৷
জরাগ্রস্ত তক্তপোশ কালিমাখা-শতরঞ্চ-পাতা;
আরাম-কেদারা ভাঙা-হাতা;
পাশের শোবার ঘরে
হেলে-পড়া টিপয়ের ’পরে
পুরোনো আয়না দাগ-ধরা ;
পোকাকাটা হিসাবের খাতা-ভরা
কাঠের সিন্দুক এক ধারে ৷
দেয়ালে-ঠেসান-দেওয়া সারে সারে
বহু বৎসরের পাঁজি,
কুলুঙ্গিতে অনাদৃত পূজার ফুলের জীর্ণ সাজি ৷ ৷
প্রদীপের স্তিমিত শিখায়
দেখা যায়
ছায়াতে জড়িত তারা
স্তম্ভিত রয়েছে অর্থহারা ৷ ৷
ট্যাক্সি এল দ্বারে, দিল সাড়া
হুংকারপরুষরবে ৷ নিদ্রায়-গম্ভীর পাড়া
রহে উদাসীন ৷
প্রহরীশালায় দূরে বাজে সাড়ে তিন ৷ ৷
শূন্য পানে চক্ষু মেলি
দীর্ঘশ্বাস ফেলি
দূরযাত্রী নাম নিল দেবতার,
তালা দিয়ে রুধিল দুয়ার ৷
টেনে নিয়ে অনিচ্ছুক দেহটিরে
দাঁড়ালো বাহিরে ৷ ৷
ঊর্ধ্বে কালো আকাশের ফাঁকা
ঝাঁট দিয়ে চলে গেল বাদুড়ের পাখা ৷
যেন সে নির্মম
অনিশ্চিত-পানে-ধাওয়া অদৃষ্টের প্রেতচ্ছায়াসম ৷
বৃদ্ধবট মন্দিরের ধারে,
অজগর অন্ধকার গিলিয়াছে তারে ৷
সদ্য-মাটি-কাটা পুকুরের
পাড়ি-ধারে বাসা বাঁধা মজুরের
খেজুরের-পাতা-ছাওয়া, ক্ষীণ আলো করে মিট মিট
পাশে ভেঙে-পড়া পাঁজা, তলায় ছড়ানো তার ইঁট ৷
রজনীর মসীলিপ্তি-মাঝে
লুপ্তরেখা সংসারের ছবি— ধান-কাটা কাজে
সারাবেলা চাষির ব্যস্ততা;
গলা-ধরাধরি কথা
মেয়েদের; ছুটি-পাওয়া
ছেলেদের ধেয়ে-যাওয়া
হৈ হৈ রবে; হাটবারে ভোরবেলা
বস্তা-বহা গোরুটাকে তাড়া দিয়ে ঠেলা;
আঁকড়িয়া মহিষের গলা
ও পারে মাঠের পানে রাখাল ছেলের ভেসে-চলা ৷ ৷
নিত্য-জানা সংসারের প্রাণলীলা না উঠিতে ফুটে
যাত্রী লয়ে অন্ধকারে গাড়ি যায় ছুটে ৷ ৷
যেতে যেতে পথপাশে
পানা-পুকুরের গন্ধ আসে,
সেই গন্ধে পায় মন
বহু দিনরজনীর সকরুণ স্নিগ্ধ আলিঙ্গন ৷
আঁকাবাঁকা গলি
রেলের স্টেশনপথে গেছে চলি;
দুই পাশে বাসা সারি সারি;
নরনারী
যে যাহার ঘরে
রহিল আরামশয্যা-’পরে ৷
নিবিড়-আঁধার-ঢালা আমবাগানের ফাঁকে
অসীমের টিকা দিয়া বরণ করিয়া স্তব্ধতাকে
শুকতারা দিল দেখা ৷
পথিক চলিল একা
অচেতন অসংখ্যের মাঝে ৷
সাথে সাথে জনশূন্য পথ দিয়ে বাজে
রথের চাকার শব্দ হৃদয়বিহীন ব্যস্ত সুরে
দূর হতে দূরে ৷ ৷
শ্রীনিকেতন
২২ নভেম্বর ১৩৩৬ [৬ অগ্রহায়ণ ১৩৪৩]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন