রবীন্দ্রনাথ ঠাকুর
তবে আমি যাই গো তবে যাই ৷
ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা ব’লে
বলব আমি, ‘নাই সে খোকা নাই!’
মা গো, যাই ৷ ৷
হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব, মা, তোর বুকে বয়ে—
ধরতে আমায় পারবি নে তো হাতে ৷
জলের মধ্যে হব, মা, ঢেউ— জানতে আমায় পারবে না কেউ,
স্নানের বেলা খেলব তোমার সাথে ৷ ৷
বাদলা যখন পড়বে ঝরে রাতে শুয়ে ভাববি মোরে
ঝরঝরানি গান গাব ওই বনে ৷
জানলা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে,
আমার হাসি পড়বে কি তোর মনে? ৷
খোকার লাগি তুমি, মা গো অনেক রাতে যদি জাগ
তারা হয়ে বলব তোমায় ‘ঘুমো’ ৷
তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকব ঘরে
চোখে তোমার খেয়ে যাব চুমো ৷ ৷
স্বপন হয়ে আঁখির ফাঁকে দেখতে আমি আসব মাকে,
যাব তোমার ঘুমের মধ্যিখানে ৷
জেগে তুমি মিথ্যে আশে হাত বুলিয়ে দেখবে পাশে,
মিলিয়ে যাব কোথায় কে তা জানে ৷ ৷
পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে,
বলবে ‘খোকা নেই রে ঘরের মাঝে’ ৷
আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে
তোমার সাথে ফিরব সকল কাজে ৷ ৷
পুজোর কাপড় হাতে ক’রে মাসি যদি শুধায় তোরে
‘খোকা তোমার কোথায় গেল চলে’,
বলিস ‘খোকা, সে কি হারায়— আছে আমার চোখের তারায়,
মিলিয়ে আছে আমার বুকে কোলে’ ৷ ৷
[:আলমোড়া ৩, শ্রাবণ ১৩১০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন