রবীন্দ্রনাথ ঠাকুর
সারা রাত ধ’রে
গোছা গোছা কলাপাতা আসে গাড়ি ভরে ৷
আসে সরা খুরি
ভূরি ভূরি ৷
এ পাড়া ও পাড়া হতে যত
রবাহূত অনাহূত আসে শত শত;
প্রবেশ পাবার তরে
ভোজনের ঘরে
ঊর্ধ্বশ্বাসে ঠেলাঠেলি করে;
বসে পড়ে যে পারে যেখানে,
নিষেধ না মানে,
কে কাহারে হাঁক ছাড়ে হৈ হৈ—
এ কই, ও কই!
রঙিন-উষ্ণীষ-ধর
লালরঙা সাজে যত অনুচর
অনর্থক ব্যস্ততায় ফেরে সবে
আপনার দায়িত্ব-গৌরবে ৷
গোরুর গাড়ির সারি হাটের রাস্তায়;
রাশি রাশি ধুলো উড়ে যায়,
রাঙা রাগে
রৌদ্রে গেরুয়া রঙ লাগে ৷
ও দিকে ধানের কল দিগন্তে কালিমাধূম্র হাত
ঊর্ধ্বে তুলি কলঙ্কিত করিছে প্রভাত;
ধান-পচানির গন্ধে
বাতাসের রন্ধ্রে রন্ধ্রে
মিশাইছে বিষ ৷
থেকে থেকে রেলগাড়ি মাঠের ও পারে দেয় শিস ৷
দুই প্রহরের ঘণ্টা বাজে ৷ ৷
সমস্ত এ ছন্দভাঙা অসংগতি-মাঝে
সানাই লাগায় তার সারঙের তান ৷
কী নিবিড় ঐক্যমন্ত্র করিছে সে দান
কোন উদভ্রান্তের কাছে,
বুঝিবার সময় কি আছে!
অরূপের মর্ম হতে সমুচ্ছ্বাসি
উৎসবের মধুচ্ছন্দ বিস্তারিছে বাঁশি ৷
সন্ধ্যাতারা-জ্বালা অন্ধকারে
অনন্তের বিরাট পরশ যথা অন্তরমাঝারে,
তেমনি সুদূর স্বচ্ছ সুর
গভীর মধুর
অমর্ত্য লোকের কোন বাক্যের-অতীত সত্যবাণী
অন্যমনা ধরণীর কানে দেয় আনি ৷
নামিতে নামিতে এই আনন্দের ধারা
বেদনার মূর্ছনায় হয় আত্মহারা ৷
বসন্তের যে দীর্ঘনিশ্বাস
বিকচ বকুলে আনে বিদায়ের বিমর্ষ আভাস,
সংশয়ের আবেগ কাঁপায়
সদ্যঃপাতী শিথিল চাঁপায়,
তারি স্পর্শ লেগে
সাহানার রাগিণীতে বৈরাগিণী ওঠে যেন জেগে—
চলে যায় পথহারা, অর্থহারা, দিগন্তের পানে ৷
কতবার মনে ভাবি কী যে সে কে জানে!
মনে হয়, বিশ্বের যে মূল উৎস হতে
সৃষ্টির নির্ঝর ঝরে শূন্যে শূন্যে কোটি কোটি স্রোতে,
এ রাগিণী সেথা হতে আপন ছন্দের পিছু পিছু
নিয়ে আসে বস্তুর-অতীত কিছু
হেন ইন্দ্রজাল
যার সুর যার তাল
রূপে রূপে পূর্ণ হয়ে উঠে
কালের অঞ্জলিপুটে ৷
প্রথম যুগের সেই ধ্বনি
শিরায় শিরায় উঠে রণরণি—
মনে ভাবি এই সুর প্রত্যহের অবরোধ-’পরে
যতবার গভীর আঘাত করে,
ততবার ধীরে ধীরে কিছু কিছু খুলে দিয়ে যায়
ভাবীযুগ আরম্ভের অজানা পর্যায় ৷
নিকটের দুঃখদ্বন্দ্ব, নিকটের অপূর্ণতা তাই
সব ভুলে যাই;
মন যেন ফিরে
সেই অলক্ষ্যের তীরে তীরে
যেথাকার রাত্রিদিন দিনহারা রাতে
পদ্মের-কোরক-সম প্রচ্ছন্ন রয়েছে আপনাতে ৷ ৷
শান্তিনিকেতন
৪ জানুয়ারি ১৯৪০ [:১৯ পৌষ ’৪৬:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন