রবীন্দ্রনাথ ঠাকুর
ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর—
যা-কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর ৷
উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে—
যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে ৷
বড়ো প্রয়োজন, ডাকি প্রাণপণ, চীৎকার করি ‘কেষ্টা’—
যত করি তাড়া নাহি পাই সাড়া, খুঁজে ফিরি সারা দেশটা ৷
তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে—
একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা ক’রে আনে ৷
যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা—
মহাকলরবে গালি দেই যবে ‘পাজি হতভাগা গাধা’
দরজার পাশে দাঁড়ায়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত ৷
তবু মায়া তার ত্যাগ করা ভার— বড়ো পুরাতন ভৃত্য ৷ ৷
ঘরের কর্ত্রী রুক্ষমূর্তি বলে, ‘আর পারি নাকো—
রহিল তোমার এ ঘরদুয়ার, কেষ্টারে লয়ে থাকো ৷
না মানে শাসন, বসন বাসন অশন আসন যত
কোথায় কী গেল— শুধু টাকাগুলো যেতেছে জলের মতো ৷
গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার ৷
করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর!’
শুনে মহা রেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধ’রে—
বলি তারে, ‘পাজি, বেরো তুই আজই, দূর করে দিনু তোরে ৷’
ধীরে চলে যায়, ভাবি গেল দায় ৷ পরদিনে উঠে দেখি
হুঁকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি ৷
প্রসন্ন মুখ নাহি কোনো দুখ, অতি অকাতরচিত্ত—
ছাড়ালে না ছাড়ে, কী করিব তারে, মোর পুরাতন ভৃত্য ৷ ৷
সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি ৷
করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরি ৷
পরিবার তায় সাথে যেতে চায়, বুঝায়ে বলিনু তারে—
পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে ৷
লয়ে রশারশি করি কষাকষি পোঁটলা পুঁটলি বাঁধি
বলয় বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি,
‘পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে ৷’
আমি কহিলাম, ‘আরে রাম রাম, নিবারণ সাথে যাবে ৷’
রেলগাড়ি ধায়; হেরিলাম হায় নামিয়া বর্ধমানে
কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে ৷
স্পর্ধা তাহার হেনমতে আর কত-বা সহিব নিত্য?
যত তারে দুষি তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য ৷ ৷
নামিনু শ্রীধামে; দক্ষিণে বামে পিছনে সমুখে যত
লাগিল পাণ্ডা, নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ৷
জন-ছয়-সাতে মিলি একসাথে পরম বন্ধুভাবে
করিলাম বাসা; মনে হল আশা আরামে দিবস যাবে ৷—
কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি!
কোথা হা হন্ত চিরবসন্ত! আমি বসন্তে মরি ৷
বন্ধু যে-যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ—
আমি একা ঘরে, ব্যাধিখরশরে ভরিল সকল অঙ্গ ৷
ডাকি নিশিদিন সকরুণ, ক্ষীণ, ‘কেষ্ট, আয় রে কাছে,
এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে ৷’
হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বিত্ত—
নিশিদিন ধ’রে দাঁড়ায়ে শিয়রে মোর পুরাতন ভৃত্য ৷ ৷
মুখে দেয় জল, শুধায় কুশল, শিরে দেয় মোর হাত,
দাঁড়ায়ে নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত ৷
বলে বার বার, ‘কর্তা, তোমার কোনো ভয় নাই, শুন—
যাবে দেশে ফিরে, মাঠাকুরানীরে দেখিতে পাইবে পুন ৷’
লভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে;
নিল সে আমার কালব্যাধিভার আপনার দেহ-’পরে ৷
হয়ে জ্ঞানহীন কাটিল দু দিন, বন্ধ হইল নাড়ী—
এতবার তারে গেনু ছাড়াবারে, এত দিনে গেল ছাড়ি ৷
বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ ৷
আজ সাথে নেই চিরসাথি সেই মোর পুরাতন ভৃত্য ৷ ৷
[:শিলাইদহ:]
১২ ফাল্গুন ১৩০১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন