রবীন্দ্রনাথ ঠাকুর
মোর কিছু ধন আছে সংসারে
বাকি সব ধন স্বপনে, নিভৃত
স্বপনে ৷
ওগো, কোথা মোর আশার অতীত!
ওগো, কোথা তুমি পরশচকিত!
কোথা গো স্বপনবিহারী!
তুমি এসো এসো গভীর গোপনে,
এসো গো নিবিড় নীরব চরণে
বসনে প্রদীপ নিবারি এসো গো
গোপনে ৷
মোর কিছু ধন আছে সংসারে
বাকি সব আছে স্বপনে, নিভৃত
স্বপনে ৷ ৷
রাজপথ দিয়ে আসিয়ো না তুমি,
পথ ভরিয়াছে আলোকে, প্রখর
আলোকে ৷
সবার অজানা, হে মোর বিদেশী,
তোমারে না যেন দেখে প্রতিবেশী,
হে মোর স্বপনবিহারী ৷
তোমারে চিনিব প্রাণের পুলকে,
চিনিব সজল আঁখির পলকে,
চিনিব বিরলে নেহারি পরম
পুলকে ৷
এসো প্রদোষের ছায়াতল দিয়ে
এসো না পথের আলোকে, প্রখর
আলোকে ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন