রবীন্দ্রনাথ ঠাকুর
তবু কি ছিল না তব সুখ দুঃখ যত
আশানৈরাশ্যের দ্বন্দ্ব, আমাদেরই মতো
হে অমর কবি? ছিল না কি অনুক্ষণ
রাজসভা-ষড়চক্র, আঘাত গোপন?
কখনো কি সহ নাই অপমানভার,
অনাদর, অবিশ্বাস, অন্যায় বিচার,
অভাব কঠোর ত্রূর— নিদ্রাহীন রাতি
কখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি?
তবু সে-সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল
ফুটিয়াছে কাব্য তব সৌন্দর্যকমল
আনন্দের সূর্য-পানে; তার কোনো ঠাঁই
দুঃখদৈন্য-দুর্দিনের কোনো চিহ্ন নাই ৷
জীবনমন্থনবিষ নিজে করি পান
অমৃত যা উঠেছিল করে গেছ দান ৷ ৷
১১ শ্রাবণ ১৩০৩
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন