রবীন্দ্রনাথ ঠাকুর
কথা কও, কথা কও,
অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও?
কথা কও, কথা কও ৷
যুগযুগান্ত ঢালে তার কথা তোমার সাগরতলে,
কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে ৷
সেথা এসে তার স্রোত নাহি আর,
কলকল ভাষ নীরব তাহার—
তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি তারে কোথা লও?
হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও, কথা কও ৷ ৷
কথা কও, কথা কও ৷
স্তব্ধ অতীত, হে গোপনচারী, অচেতন তুমি নও—
কথা কেন নাহি কও?
তব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে,
কত দিবসের কত সঞ্চয় রেখে যাও মোর প্রাণে ৷
হে অতীত, তুমি ভুবনে-ভুবনে
কাজ করে যাও গোপনে গোপনে,
মুখর দিনের চপলতা-মাঝে স্থির হয়ে তুমি রও ৷
হে অতীত, তুমি গোপনে হৃদয়ে কথা কও, কথা কও ৷ ৷
কথা কও, কথা কও ৷
কোনো কথা কভু হারাও নি তুমি, সব তুমি তুলে লও—
কথা কও, কথা কও ৷
তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া
পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া ৷
যাহাদের কথা ভুলেছে সবাই
তুমি তাহাদের কিছু ভোল নাই,
বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও ৷
ভাষা দাও তারে, হে মুনি অতীত, কথা কও, কথা কও ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন