রবীন্দ্রনাথ ঠাকুর
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত,
স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত ৷
খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে,
গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে ৷ ৷
জীবনশেষের শেষ-জাগরণ-সম ঝলসিছে মহাবেদনা—
নিমেষে দহিয়া যাহা-কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা ৷
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত—
খড়্গ তোমার, হে দেব বজ্রপাণি, চরম শোভায় রচিত ৷ ৷
হ্যামপস্টেড
২৫ জুন ১৯১২
[১১ আষাঢ় ১৩১৯]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন