রবীন্দ্রনাথ ঠাকুর
অপরাহু ধূলিচ্ছন্ন নগরীর পথে
বিষম লোকের ভিড় ৷ কর্মশালা হতে
ফিরে চলিয়াছে ঘরে পরিশ্রান্ত জন
বাঁধমুক্ত তটিনীর স্রোতের মতন ৷
ঊর্ধ্বশ্বাসে রথ-অশ্ব চলিয়াছে ধেয়ে
ক্ষুধা আর সারথির কশাঘাত খেয়ে ৷
হেনকালে দোকানির খেলামুগ্ধ ছেলে
কাটা ঘুড়ি ধরিবারে ছুটে বাহু মেলে ৷
অকস্মাৎ শকটের তলে গেল পড়ি,
পাষাণকঠিন পথ উঠিল শিহরি ৷
সহসা উঠিল শূন্যে বিলাপ কাহার—
স্বর্গে যেন মায়াদেবী করে হাহাকার ৷
ঊর্ধ্ব-পানে চেয়ে দেখি স্খলিতবসনা
লুটায়ে লুটায়ে ভূমে কাঁদে বারাঙ্গনা ৷
২৪ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন