রবীন্দ্রনাথ ঠাকুর
আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে,
এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ৷
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে—
ওরে, ডাকে আমায় পথের ’পরে সেই ধ্বনিতে ৷ ৷
এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া,
ওরে, প্রেম-নদীতে উঠেছে ঢেউ— উতল হাওয়া ৷
জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা—
ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে ৷
চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ৷ ৷
১৩ ভাদ্র ১৩১৬
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন