রবীন্দ্রনাথ ঠাকুর
রঙিন খেলেনা দিলে ও রাঙা হাতে
তখন বুঝি রে বাছা, কেন যে প্রাতে
এত রঙ খেলে মেঘে, জলে রঙ ওঠে জেগে,
কেন এত রঙ লেগে ফুলের পাতে—
রাঙা খেলা দেখি যবে ও রাঙা হাতে ৷ ৷
গান গেয়ে তোরে আমি নাচাই যবে
আপন হৃদয়মাঝে বুঝি রে তবে
পাতায় পাতায় বনে ধ্বনি এত কী কারণে,
ঢেউ বহে নিজমনে তরল রবে—
বুঝি তা তোমারে গান শুনাই যবে ৷ ৷
যখন নবনী দিই লোলুপ করে,
হাতে মুখে মেখেচুকে বেড়াও ঘরে,
তখন বুঝিতে পারি স্বাদু কেন নদীবারি,
ফল মধুরসে ভারী কিসের তরে—
যখন নবনী দিই লোলুপ করে ৷ ৷
যখন চুমিয়ে তোর বদনখানি
হাসিটি ফুটায়ে তুলি তখনি জানি
আকাশ কিসের সুখে আলো দেয় মোর মুখে
বায়ু দিয়ে যায় বুকে অমৃত আনি—
বুঝি তা চুমিলে তোর বদনখানি ৷ ৷
[:আলমোড়া
৫-৭ শ্রাবণ ১৩১০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন