রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে
হে ছলনাময়ী!
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে!
এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত;
তার তরে রাখ নি গোপন রাত্রি ৷
তোমার জ্যোতিষ্ক তারে
যে পথ দেখায়
সে যে তার অন্তরের পথ,
সে যে চিরস্বচ্ছ,
সহজ বিশ্বাসে সে যে
করে তারে চিরসমুজ্জ্বল ৷
বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু
এই নিয়ে তাহার গৌরব ৷
লোকে তারে বলে বিড়ম্বিত ৷
সত্যেরে সে পায়
আপন আলোকে-ধৌত অন্তরে অন্তরে ৷
কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে,
শেষ পুরস্কার নিয়ে যায় সে যে
আপন ভাণ্ডারে ৷
অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে
সে পায় তোমার হাতে
শান্তির অক্ষয় অধিকার ৷ ৷
জোড়াসাঁকো ৷ কলিকাতা
সকাল সাড়ে নটা
৩০ জুলাই ১৯৪১
[:১৪ শ্রাবণ ১৩৪৮:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন