রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার কাছে চাই নি কিছু, জানাই নি মোর নাম,
তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম ৷
একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়াতলে,
কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে ৷
আমায় তারা ডেকে গেল, ‘আয় গো বেলা যায় ৷’
কোন আলসে রইনু বসে কিসের ভাবনায় ৷ ৷
পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে ৷
কইলে কথা ক্লান্তকণ্ঠে— করুণ চক্ষু মেলে—
‘তৃষাকাতর পান্থ আমি ৷’ শুনে চমকে উঠে
জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে ৷
মর্মরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে—
বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লীপথের বাঁকে ৷ ৷
যখন তুমি শুধালে নাম পেলেম বড়ো লাজ—
তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ!
তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল,
এই কথাটি আমার মনে রহিল সম্বল ৷
কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি,
তেমনি কাঁপে নিমের পাতা— আমি বসেই থাকি ৷ ৷
৯ চৈত্র ১৩১২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন