রবীন্দ্রনাথ ঠাকুর
সাগরজলে সিনান করি সজল এলো চুলে
বসিয়াছিলে উপল-উপকূলে ৷
শিথিল পীতবাস
মাটির ’পরে কুটিলরেখা লুটিল চারি পাশ ৷
নিরাবরণ বক্ষে তব নিরাভরণ দেহে
চিকন সোনা-লিখন উষা আঁকিয়া দিল স্নেহে ৷
মকরচূড় মুকুটখানি পরি ললাট-’পরে
ধনুক বাণ ধরি দখিন করে
দাঁড়ানু রাজবেশী—
কহিনু, ‘আমি এসেছি পরদেশী ৷’
চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলা-আসন ফেলে;
শুধালে, ‘কেন এলে!’
কহিনু আমি, ‘রেখো না ভয় মনে,
পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুলবনে ৷’
চলিলে সাথে, হাসিলে অনুকূল;
তুলিনু যূথী, তুলিনু জাতী, তুলিনু চাঁপাফুল ৷
দুজনে মিলি সাজায়ে ডালি বসিনু একাসনে,
নটরাজেরে পূজিনু একমনে ৷
কুহেলী গেল, আকাশে আলো দিল যে পরকাশি
ধূর্জটির মুখের পানে পার্বতীর হাসি ৷ ৷
সন্ধ্যাতারা উঠিল যবে গিরিশিখর-’পরে,
একেলা ছিলে ঘরে ৷
কটিতে ছিল নীল দুকূল, মালতীমালা মাথে,
কাঁকনদুটি ছিল দুখানি হাতে ৷
চলিতে পথে বাজায়ে দিনু বাঁশি,
‘অতিথি আমি’ কহিনু দ্বারে আসি ৷
তরাসভরে চকিত করে প্রদীপখানি জ্বেলে
চাহিলে মুখে; কহিলে, ‘কেন এলে!’
কহিনু আমি, ‘রেখো না ভয় মনে—
তনু দেহটি সাজাব তব আমার আভরণে ৷’
চাহিলে হাসিমুখে,
আধোচাঁদের কনকমালা দোলানু তব বুকে ৷
মকরচূড় মুকুটখানি কবরী তব ঘিরে
পরায়ে দিনু শিরে ৷
জ্বালায়ে বাতি মাতিল সখীদল,
তোমার দেহে রতনসাজ করিল ঝলমল ৷
মধুর হল বিধুর হল মাধবীনিশীথিনী,
আমার তালে তোমার নাচে মিলিল রিনিঝিনি ৷
পূর্ণচাঁদ হাসে আকাশকোলে,
আলোকছায়া শিবশিবানী সাগরজলে দোলে ৷ ৷
ফুরালো দিন কখন নাহি জানি,
সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরীখানি ৷
সহসা বায়ু বহিল প্রতিকূলে,
প্রলয় এল সাগরতলে দারুণ ঢেউ তুলে ৷
লবণজলে ভরি
আঁধার রাতে ডুবালো মোর রতন-ভরা তরী ৷ ৷
আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানু দ্বারে এসে
ভূষণহীন মলিন দীন বেশে ৷
দেখিনু আমি নটরাজের দেউল-দ্বার খুলি—
তেমনি করে রয়েছে ভরে ডালিতে ফুলগুলি ৷
হেরিনু রাতে, উতল উৎসবে
তরল কলরবে
আলোর নাচ নাচায় চাঁদ সাগরজলে যবে,
:নীরব তব নম্র নতমুখে
আমারি আঁকা পত্রলেখা, আমারি মালা বুকে ৷
দেখিনু চুপে চুপে
আমারি বাঁধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে
অঙ্গে তব হিল্লোলিয়া দোলে
ললিতগীতকলিত কল্লোলে ৷ ৷
মিনতি মম শুন হে সুন্দরী,
আরেক-বার সমুখে এসো প্রদীপখানি ধরি ৷
এবার মোর মকরচূড় মুকুট নাহি মাথে,
ধনুক বাণ নাহি আমার হাতে,
এবার আমি আনি নি ডালি দখিনসমীরণে
সাগরকূলে তোমার ফুলবনে ৷
এনেছি শুধু বীণা—
দেখো তো চেয়ে, আমারে তুমি চিনিতে পারো কি না ৷ ৷
মায়ার জাহাজ
১ অক্টোবর ১৯২৭
[:১৪ আশ্বিন ১৩৩৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন