রবীন্দ্রনাথ ঠাকুর
আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি ৷
দিন চলে যায়, আমি আনমনে
তারি আশা চেয়ে থাকি বাতায়নে—
ওগো, প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী!
আমি সুদূরের পিয়াসি ৷
সুদূর, বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি—
মোর ডানা নাই, আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাসরি ৷ ৷
আমি উন্মনা হে,
হে সুদূর, আমি উদাসী ৷
রৌদ্রমাখানো অলস বেলায়
তরুমর্মরে, ছায়ার খেলায়,
কী মুরতি তব নীলাকাশশায়ী নয়নে উঠে গো আভাসি ৷
হে সুদূর, আমি উদাসী ৷
সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি—
কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যে যাই পাসরি ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন