রবীন্দ্রনাথ ঠাকুর
যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ ৷
বেণী নাহয় এলিয়ে রবে, সিঁথে নাহয় বাঁকা হবে,
নাই-বা হল পত্রলেখায় সকল কারুকাজ ৷
কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ ৷
যেমন আছ তেমনি এসো, আর কোরো না সাজ ৷ ৷
এসো দ্রুত চরণদুটি তৃণের ’পরে ফেলে ৷
ভয় কোরো না— অলক্তরাগ মোছে যদি মুছিয়া যাক,
নূপুর যদি খুলে পড়ে নাহয় রেখে এলে ৷
খেদ কোরো না মালা হতে মুক্তা খসে গেলে ৷
এসো দ্রুত চরণদুটি তৃণের ’পরে ফেলে ৷ ৷
হেরো গো ওই আঁধার হল, আকাশ ঢাকে মেঘে ৷
ও পার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে,
থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ৷
ওই রে গ্রামের গোষ্ঠমুখে ধেনুরা ধায় বেগে ৷
হেরো গো ওই আঁধার হল, আকাশ ঢাকে মেঘে ৷ ৷
প্রদীপখানি নিবে যাবে, মিথ্যা কেন জ্বালো?
কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কি না আছে,
তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো ৷
আঁখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো ৷
কাজল দিতে প্রদীপখানি মিথ্যা কেন জ্বালো? ৷
এসো হেসে সহজ বেশে, আর কোরো না সাজ ৷
গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গো বালা,
ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ ৷
মেঘে মগন পূর্বগগন, বেলা নাই রে আজ ৷
এসো হেসে সহজ বেশে, নাই-বা হল সাজ ৷ ৷
শিলাইদহ ৷ ২৭ জ্যৈষ্ঠ ১৩০৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন