রবীন্দ্রনাথ ঠাকুর
ওই মরণের সাগর-পারে চুপে চুপে
এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে ৷
কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে
ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে,
বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে ৷
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ৷ ৷
আজ কী দেখি— কালো চুলের আঁধার ঢালা,
তারই স্তরে স্তরে সন্ধ্যাতারার মানিক জ্বালা ৷
আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে,
ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে,
বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে ৷
আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ৷ ৷
[:১৩৩০-৩১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন