রবীন্দ্রনাথ ঠাকুর
আঘাতসংঘাত-মাঝে দাঁড়াইনু আসি ৷
অঙ্গদ কুণ্ডল কণ্ঠী অলংকাররাশি
খুলিয়া ফেলেছি দূরে ৷ দাও হস্তে তুলি
নিজ হাতে তোমার অমোঘ শরগুলি,
তোমার অক্ষয় তূণ ৷ অস্ত্রে দীক্ষা দেহো
রণগুরু! তোমার প্রবল পিতৃস্নেহ
ধ্বনিয়া উঠুক আজি কঠিন আদেশে ৷ ৷
করো মোরে সম্মানিত নববীরবেশে,
দুরূহ কর্তব্যভারে, দুঃসহ কঠোর
বেদনায় ৷ পরাইয়া দাও অঙ্গে মোর
ক্ষতচিহ্ন-অলংকার ৷ ধন্য করো দাসে
সফল চেষ্টায় আর নিষ্ফল প্রয়াসে ৷
ভাবের ললিত ক্রোড়ে না রাখি নিলীন
কর্মক্ষেত্রে করি দাও সক্ষম স্বাধীন ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন