রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনে যত পূজা হল না সারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ৷
যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে,
যে নদী মরুপথে হারালো ধারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ৷ ৷
জীবনে আজও যাহা রয়েছে পিছে,
জানি হে, জানি তাও হয় নি মিছে ৷
আমার অনাগত আমার অনাহত
তোমার বীণাতারে বাজিছে তারা—
জানি হে, জানি তাও হয় নি হারা ৷ ৷
২৩ শ্রাবণ ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন