রবীন্দ্রনাথ ঠাকুর
মাঝে মাঝে কতবার ভাবি, কর্মহীন
আজ নষ্ট হল বেলা, নষ্ট হল দিন ৷
নষ্ট হয় নাই, প্রভু, সে-সকল ক্ষণ—
আপনি তাদের তুমি করেছ গ্রহণ
ওগো অন্তর্যামী দেব! অন্তরে অন্তরে
গোপনে প্রচ্ছন্ন রহি কোন অবসরে
বীজেরে অঙ্কুররূপে তুলেছ জাগায়ে,
মুকুলে প্রস্ফুট-বর্ণে দিয়েছ রাঙায়ে ৷
ফুলেরে করেছ ফল রসে সুমধুর,
বীজে পরিণতগর্ভ ৷ আমি নিদ্রাতুর
আলস্যশয্যার ’পরে শ্রান্তিতে মরিয়া
ভেবেছিনু সব কর্ম রহিল পড়িয়া ৷ ৷
প্রভাতে জাগিয়া উঠি মেলিনু নয়ন;
দেখিনু, ভরিয়া আছে আমার কানন ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন