রবীন্দ্রনাথ ঠাকুর
ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা,
তোমার হাসিটি ছিল বড়ো সুখে ভরা ৷
মিলি নিখিলের স্রোতে জেনেছিলে খুশি হতে
হৃদয়টি ছিল তাই হৃদিপ্রাণহরা ৷
তোমার আপন ছিল এই শ্যাম ধরা ৷ ৷
আজি এ উদাস মাঠে আকাশ বাহিয়া
তোমার নয়ন যেন ফিরিছে চাহিয়া ৷
তোমার সে হাসিটুকু, সে চেয়ে-দেখার সুখ
সবারে পরশি চলে বিদায় গাহিয়া
এই তালবন গ্রাম প্রান্তর বাহিয়া ৷ ৷
তোমার সে ভালো-লাগা মোর চোখে আঁকি
আমার নয়নে তব দৃষ্টি গেছ রাখি ৷
আজি আমি একা-একা দেখি দুজনের দেখা,
তুমি করিতেছ ভোগ মোর মনে থাকি—
আমার তারায় তব মুগ্ধদৃষ্টি আঁকি ৷ ৷
এই-যে শীতের আলো শিহরিছে বনে,
শিরীষের পাতাগুলি ঝরিছে পবনে,
তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ
এই ছায়া-আলোকের আকুল কম্পনে
এই শীতমধ্যাহ্নের মর্মরিত বনে ৷ ৷
আমার জীবনে তুমি বাঁচো ওগো বাঁচো,
তোমার কামনা মোর চিত্ত দিয়ে যাচো ৷
যেন আমি বুঝি মনে, অতিশয় সংগোপনে
তুমি আজি মোর মাঝে আমি হয়ে আছ ৷
আমারি জীবনে তুমি বাঁচো ওগো বাঁচো ৷ ৷
১ পৌষ [১৩০৯]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন