রবীন্দ্রনাথ ঠাকুর
আমার হৃদয় প্রাণ সকলই করেছি দান,
কেবল শরমখানি রেখেছি ৷
চাহিয়া নিজের পানে নিশিদিন সাবধানে
সযতনে আপনারে ঢেকেছি ৷ ৷
হে বঁধু, এ স্বচ্ছ বাস করে মোরে পরিহাস,
সতত রাখিতে নারি ধরিয়া;
চাহিয়া আঁখির কোণে তুমি হাস মনে মনে,
আমি তাই লাজে যাই মরিয়া ৷ ৷
দক্ষিণপবনভরে অঞ্চল উড়িয়া পড়ে
কখন যে নাহি পারি লখিতে;
পুলকব্যাকুল হিয়া অঙ্গে উঠে বিকশিয়া,
আবার চেতনা হয় চকিতে ৷ ৷
বদ্ধ গৃহে করি বাস রুদ্ধ যবে হয় শ্বাস
আধেক বসনবন্ধ খুলিয়া
বসি গিয়া বাতায়নে সুখসন্ধ্যাসমীরণে
ক্ষণতরে আপনারে ভুলিয়া ৷ ৷
পূর্ণচন্দ্রকররাশি মূর্ছাতুর পড়ে আসি
এই নবযৌবনের মুকুলে;
অঙ্গ মোর ভালোবেসে ঢেকে দেয় মৃদু হেসে
আপনার লাবণ্যের দুকূলে ৷ ৷
মুখে বক্ষে কেশপাশে ফিরে বায়ু খেলা-আশে,
কুসুমের গন্ধ ভাসে গগনে;
হেনকালে তুমি এলে মনে হয় স্বপ্ন ব’লে—
কিছু আর নাহি থাকে স্মরণে ৷ ৷
থাক বঁধু, দাও ছেড়ে, ওটুকু নিয়ো না কেড়ে,
এ শরম দাও মোরে রাখিতে—
সকলের অবশেষ এইটুকু লাজলেশ
আপনারে আধখানি ঢাকিতে ৷ ৷
ছলছল দু’নয়ান করিয়ো না অভিমান—
আমিও যে কত নিশি কেঁদেছি;
বুঝাতে পারি নে যেন সব দিয়ে তবু কেন
সবটুকু লাজ দিয়ে বেঁধেছি ৷ ৷
কেন যে তোমার কাছে একটু গোপন আছে,
একটু রয়েছি মুখ হেলায়ে—
এ নহে গো অবিশ্বাস, নহে, সখা, পরিহাস—
নহে নহে ছলনার খেলা এ ৷ ৷
বসন্তনিশীথে, বঁধু, লহো গন্ধ, লহো মধু,
সোহাগে মুখের পানে তাকিয়ো—
দিয়ো দোল আশে-পাশে, কোয়ো কথা মৃদু ভাষে,
শুধু এর বৃন্তটুকু রাখিয়ো ৷ ৷
সেটুকুতে ভর করি এমন মাধুরী ধরি
তোমা-পানে আছি আমি ফুটিয়া,
এমন মোহনভঙ্গে আমার সকল অঙ্গে
নবীন লাবণ্য যায় লুটিয়া—
এমন সকল বেলা পবনে চঞ্চল খেলা,
বসন্তকুসুম-মেলা দুধারি ৷
শুন, বঁধু, শুন তবে সকলই তোমার হবে—
কেবল শরম থাক আমারি ৷ ৷
২৮ আষাঢ় ১৩০০
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন