রবীন্দ্রনাথ ঠাকুর
পরম আত্মীয় ব’লে যারে মনে মানি
তারে আমি কতদিন কতটুকু জানি ৷
অসীম কালের মাঝে তিলেক মিলনে
পরশে জীবন তার আমার জীবনে ৷
যতটুকু লেশমাত্র চিনি দুজনায়
তাহার অনন্তগুণ চিনি নাকো হায় ৷
দুজনের একজন একদিন যবে
বারেক ফিরাবে মুখ, এ নিখিল ভবে
আর কভু ফিরিবে না মুখামুখি পথে—
কে কার পাইবে সাড়া অনন্ত জগতে!
এ ক্ষণমিলনে তবে, ওগো মনোহর,
তোমারে হেরিনু কেন এমন সুন্দর!
মুহূর্ত-আলোকে কেন, হে অন্তরতম,
তোমারে চিনিনু চিরপরিচিত মম ৷ ৷
২২ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন