রবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে তুমি করিবে গোপন কী করি,
হৃদয় তোমার আঁখির পাতায় থেকে থেকে পড়ে ঠিকরি ৷
আজ আসিয়াছ কৌতুকবেশে
মানিকের হার পরি এলো কেশে,
নয়নের কোণে আধো হাসি হেসে এসেছ হৃদয়পুলিনে ৷
ভুলি নে তোমার বাঁকা কটাক্ষে,
ভুলি নে চতুর নিঠুর বাক্যে, ভুলি নে ৷
করপল্লবে দিলে যে আঘাত
করিব কি তাহে আঁখিজলপাত?
এমন অবোধ নহি গো ৷
হাসো তুমি, আমি হাসিমুখে সব সহি গো ৷
আজ এই বেশে এসেছ আমায় ভুলাতে ৷
কভু কি আস নি দীপ্ত ললাটে স্নিগ্ধ পরশ বুলাতে?
দেখেছি তোমার মুখ কথাহারা,
জলে-ছলছল ম্লান আঁখিতারা,
দেখেছি তোমার ভয়ভরে-সারা করুণ পেলব মুরতি ৷
দেখেছি তোমার বেদনাবিধুর
পলকবিহীন নয়নে মধুর মিনতি ৷
আজি হাসিমাখা নিপুণ শাসনে
তরাস আমি যে পাব মনে মনে,
এমন অবোধ নহি গো ৷
হাসো তুমি, আমি হাসিমুখে সব সহি গো ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন