রবীন্দ্রনাথ ঠাকুর
আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে
গুচ্ছ গুচ্ছ ধরিয়াছে ফল ৷
পরিপূর্ণ বেদনার ভরে
মুহূর্তেই বুঝি ফেটে পড়ে,
বসন্তের দুরন্ত বাতাসে
নুয়ে বুঝি নামিবে ভূতল ৷
রসভরে অসহ উচ্ছ্বাসে
থরে থরে ফলিয়াছে ফল ৷ ৷
তুমি এসো নিকুঞ্জনিবাসে,
এসো মোর সার্থকসাধন ৷
লুটে লও ভরিয়া অঞ্চল
জীবনের সকল সম্বল,
নীরবে নিতান্ত অবনত
বসন্তের সর্বসমর্পণ ৷
হাসিমুখে নিয়ে যাও যত
বনের বেদননিবেদন ৷ ৷
শুক্তিরক্ত নখরে বিক্ষত
ছিন্ন করি ফেলো বৃন্তগুলি—
সুখাবেশে বসি লতামূলে
সারাবেলা অলস অঙ্গুলে
বৃথা কাজে যেন অন্যমনে
খেলাচ্ছলে লহো তুলি তুলি ৷
তব ওষ্ঠে দশনদংশনে
টুটে যাক পূর্ণফলগুলি ৷ ৷
আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে
গুঞ্জরিছে ভ্রমর চঞ্চল ৷
সারাদিন অশান্ত বাতাস
ফেলিতেছে মর্মরনিশ্বাস,
বনের বুকের আন্দোলনে
কাঁপিতেছে পল্লব-অঞ্চল ৷
আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে
পুঞ্জ পুঞ্জ ধরিয়াছে ফল ৷ ৷
১৩ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন