রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে
এ আগুন ছড়িয়ে গেল সবখানে ৷
যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে,
আকাশে হাত তোলে সে কার পানে? ৷
আঁধারের তারা যত অবাক হয়ে রয় চেয়ে,
কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে!
নিশীথের বুকের মাঝে এই-যে অমল উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের কী গুণ আছে কে জানে ৷ ৷
২৪ চৈত্র [:১৩২০:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন