রবীন্দ্রনাথ ঠাকুর
কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী,
‘গৃহ তেয়াগিব আজি ইষ্টদেব লাগি ৷
কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে?’
দেবতা কহিলা, ‘আমি ৷’ শুনিল না কানে ৷
সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে
প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে ৷
কহিল, ‘কে তোরা ওরে মায়ার ছলনা?’
দেবতা কহিলা, ‘আমি ৷’ কেহ শুনিল না ৷
ডাকিল শয়ন ছাড়ি, ‘তুমি কোথা প্রভু!’
দেবতা কহিলা, ‘হেথা ৷’ শুনিল না তবু ৷
স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি;
দেবতা কহিল, ‘ফির ৷’ শুনিল না বাণী ৷
দেবতা নিশ্বাস ছাড়ি কহিলেন, ‘হায়,
আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়!’
১৪ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন