রবীন্দ্রনাথ ঠাকুর
কলরবমুখরিত খ্যাতির প্রাঙ্গণে যে আসন
পাতা হয়েছিল কবে, সেথা হতে উঠে এসো, কবি,—
পূজা সাঙ্গ করি দাও চাটুলুব্ধ জনতাদেবীরে
ক্ষীণ হয়ে এল; যে প্রহরগুলি ধ্বনিপণ্যবাহী,
নোঙর ফেলেছে তারা সন্ধ্যার নির্জন ঘাটে এসে ৷
আকাশের আঙিনায় শান্ত যেথা পাখির কাকলি,
সুরসভা হতে সেথা নৃত্যপরা অপ্সরকন্যার
বাষ্পে-বোনা চেলাঞ্চল উড়ে পড়ে, দেয় ছড়াইয়া
স্বর্ণোজ্জ্বল বর্ণরশ্মিচ্ছটা ৷ চরম ঐশ্বর্য নিয়ে
অস্তলগনের, শূন্য পূর্ণ করি এল চিত্রভানু—
দিল মোরে করস্পর্শ ; প্রসারিল দীপ্ত শিল্পকলা
অন্তরের দেহলিতে; গভীর অদৃশ্য লোক হতে
ইশারা ফুটিয়া পড়ে তুলির রেখায় ৷ আজন্মের
বিচ্ছিন্ন ভাবনা যত, স্রোতের শেঁউলি সম যারা
নিরর্থক ফিরেছিল অনিশ্চিত হাওয়ায় হাওয়ায়,
রূপ নিয়ে দেখা দেবে ভাঁটার নদীর প্রান্ততীরে
অনাদৃত মঞ্জরির অজানিত আগাছার মতো—
কেহ শুধাবে না নাম; অধিকারগর্ব নিয়ে তার
ঈর্ষা রহিবে না কারো; অনামিক স্মৃতিচিহ্ন তারা
খ্যাতিশূন্য অগোচরে রবে যেন অস্পষ্ট বিস্মৃতি ৷ ৷
শান্তিনিকেতন
১৮ ডিসেম্বর ১৯৩৭
[:৩ পৌষ ১৩৪৪:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন