রবীন্দ্রনাথ ঠাকুর
যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানে যে চরণ তোমার রাজে—
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে ৷
যখন তোমায় প্রণাম করি আমি
প্রণাম আমার কোনখানে যায় থামি,
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে—
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে ৷ ৷
অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের
রিক্তভূষণ দীন-দরিদ্র সাজে—
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে ৷
ধনে মানে যেথায় আছে ভরি
সেথায় তোমার সঙ্গ আশা করি,
সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গীহীনের ঘরে
সেথায় আমার হৃদয় নামে না যে—
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে ৷ ৷
১৯ আষাঢ় ১৩১৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন