রবীন্দ্রনাথ ঠাকুর
এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর!
পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর,
সুন্দর হে সুন্দর!
আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি,
হৃদগগনে পবন হল সৌরভেতে মন্থর—
সুন্দর হে সুন্দর ৷ ৷
এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত
এই তোমারি মিলন-সুধা রইল প্রাণে সঞ্চিত ৷
তোমার মাঝে এমনি করে নবীন করি লও-যে মোরে,
এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর—
সুন্দর হে সুন্দর ৷ ৷
রামগড় ৷ হিমালয়
৩১ বৈশাখ [:১৩২১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন