রবীন্দ্রনাথ ঠাকুর
প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি,
দয়া করে কোরো মার্জনা কোরো মার্জনা ৷
ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি,
তাই ব’লে দ্বার কোরো না রুদ্ধ কোরো না ৷
যাহা-কিছু মোর কিছুই পারি নি রাখিতে,
উতলা হৃদয় তিলেক পারি নি ঢাকিতে,
তুমি রাখো ঢাকি, তুমি করো মোরে করুণা—
আপনার গুণে অবলারে কোরো মার্জনা কোরো
মার্জনা ৷ ৷
প্রিয়তম, যদি নাহি পারো ভালোবাসিতে
তবু ভালোবাসা মার্জনা কোরো মার্জনা ৷
দুটি আঁখিকোণ ভরি দুটি কণা হাসিতে
অসহায়া-পানে চেয়ো না, বন্ধু, চেয়ো না ৷
সম্বরি বাস ফিরে যাব দ্রুতচরণে,
চকিত শরমে লুকাব আঁধার মরণে,
দুহাতে ঢাকিব নগ্নহৃদয়বেদনা—
প্রিয়তম, তুমি অভাগীরে কোরো মার্জনা কোরো
মার্জনা ৷ ৷
প্রিয়তম, যদি চাহ মোরে ভালোবাসিয়া
সুখরাশি মোর মার্জনা কোরো মার্জনা ৷
সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া,
দুর হতে বসি হেসো না তখন হেসো না ৷
রানীর মতন বসিব রতন-আসনে,
বাঁধিব তোমারে নিবিড় প্রণয়শাসনে,
দেবীর মতন পুরাব তোমার বাসনা—
তখন, হে নাথ, গরবিরে কোরো মার্জনা কোরো
মার্জনা ৷ ৷
বোলপুর
৮ জ্যৈষ্ঠ ১৩০৪
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন