রবীন্দ্রনাথ ঠাকুর
যাবার সময় হল বিহঙ্গের ৷ এখনি কুলায়
রিক্ত হবে; স্তব্ধগীতি ভ্রষ্টনীড় পড়িবে ধুলায়
অরণ্যের আন্দোলনে ৷ শুষ্কপত্র জীর্ণপুষ্প-সাথে
পথচিহ্নহীন শূন্যে যাব উড়ে রজনীপ্রভাতে
অস্তসিন্ধু-পরপারে ৷ কতকাল এই বসুন্ধরা
আতিথ্য দিয়েছে ; কভু আম্রমুকুলের-গন্ধে-ভরা
পেয়েছি আহ্বানবাণী ফাল্গুনের দাক্ষিণ্যে মধুর;
অশোকের মঞ্জরী সে ইঙ্গিতে চেয়েছে মোর সুর,
দিয়েছি তা প্রীতিরসে ভরি; কখনো বা ঝঞ্ঝাঘাতে
বৈশাখের, কণ্ঠ মোর রুধিয়াছে উত্তপ্ত ধুলাতে,
পক্ষ মোর করেছে অক্ষম; সব নিয়ে ধন্য আমি
প্রাণের সম্মানে ৷ এ পারের ক্লান্ত যাত্রা গেলে থামি
ক্ষণতরে পশ্চাতে ফিরিয়া মোর নম্র নমস্কারে
বন্দনা করিয়া যাব এ জন্মের অধিদেবতারে ৷ ৷
শান্তিনিকেতন
১৫ বৈশাখ ১৩৪১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন