রবীন্দ্রনাথ ঠাকুর
স্বপনে দোঁহে ছিনু কী মোহে; জাগার বেলা হল—
যাবার আগে শেষ কথাটি বোলো ৷
ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো
বেদনা হবে পরমরমণীয়—
আমার মনে রহিবে নিরবধি
বিদায়খনে ক্ষণেকতরে যদি সজল আঁখি তোলো ৷ ৷
নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে
উঠিবে দূরে বিরহাকাশভালে ৷
রজনীশেষে এই-যে শেষ কাঁদা
বীণার তারে পড়িল তাহা বাঁধা,
হারানো মণি স্বপনে গাঁথা রবে—
হে বিরহিণী, আপন হাতে তবে বিদায়দ্বার খোলো ৷ ৷
[:১৩৩৬:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন