রবীন্দ্রনাথ ঠাকুর
ভাঙা হাটে কে ছুটেছিস পসরা লয়ে—
সন্ধ্যা হল, ওই-যে বেলা গেল রে বয়ে ৷
যে যার বোঝা মাথার ’পরে ফিরে এল আপন ঘরে,
একাদশীর খণ্ড শশী উঠল পল্লীশিরে ৷
পারের গ্রামে যারা থাকে উচ্চকণ্ঠে নৌকা ডাকে,
হাহা করে প্রতিধ্বনি নদীর তীরে তীরে ৷
কিসের আশে ঊর্ধ্বশ্বাসে এমন সময়ে
ভাঙা হাটে তুই ছুটেছিস পসরা লয়ে? ৷
সুপ্তি দিল বনের শিরে হস্ত বুলায়ে,
কা কা ধ্বনি থেমে গেল কাকের কুলায়ে ৷
বেড়ার ধারে পুকুর-পাড়ে ঝিল্লি ডাকে ঝোপে-ঝাড়ে—
বাতাস ধীরে পড়ে এল, স্তব্ধ বাঁশের শাখা ৷
হেরো ঘরের আঙিনাতে শ্রান্তজনে শয়ন পাতে,
সন্ধ্যাপ্রদীপ আলোক ঢালে বিরাম-সুধা-মাখা ৷
সকল চেষ্টা শান্ত যখন এমন সময়ে
ভাঙা হাটে কে ছুটেছিস পসরা লয়ে? ৷
[:শিলাইদহ
২১ জ্যৈষ্ঠ ১৩০৭]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন