রবীন্দ্রনাথ ঠাকুর
ওগো, ভালো করে বলে যাও ৷
বাঁশরি বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝায়ে দাও ৷
যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখপানে শুধু চাও ৷ ৷
আজি অন্ধতামসী নিশি ৷
মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি ৷
শুধু বাদলের বায় করি হায়-হায় আকুলিছে দশ দিশি ৷ ৷
আমি কুন্তল দিব খুলে ৷
অঞ্চলমাঝে ঢাকিব তোমায় নিশীথনিবিড় চুলে ৷
দুটি বাহুপাশে বাঁধি নত মুখখানি বক্ষে লইব তুলে ৷ ৷
সেথা নিভৃতনিলয়সুখে
আপনার মনে বলে যেয়ো কথা মিলনমুদিত বুকে ৷
আমি নয়ন মুদিয়া শুনিব কেবল, চাহিব না মুখে মুখে ৷ ৷
যবে ফুরাবে তোমার কথা
যে যেমন আছি রহিব বসিয়া চিত্রপুতলি যথা ৷
শুধু শিয়রে দাঁড়ায়ে করে কানাকানি মর্মর তরুলতা ৷ ৷
শেষে রজনীর অবসানে
অরুণ উদিলে ক্ষণেকের তরে চাব দুঁহুঁ দোঁহা-পানে ৷
ধীরে ঘরে যাব ফিরে দোঁহে দুই পথে জলভরা দুনয়ানে ৷ ৷
তবে ভালো করে বলে যাও ৷
আঁখিতে বাঁশিতে যে কথা ভাষিতে সে কথা বুঝায়ে দাও ৷
শুধু কম্পিত সুরে আধো ভাষা পূরে কেন এসে গান গাও ৷ ৷
শান্তিনিকেতন ৷ ৭ জ্যৈষ্ঠ ১২৯৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন