রবীন্দ্রনাথ ঠাকুর
‘মরাঠা দস্যু আসিছে রে ওই, করো করো সবে সাজ’
আজমির গড়ে কহিলা হাঁকিয়া দুর্গেশ দুমরাজ ৷
বেলা দুপহরে যে যাহার ঘরে সেঁকিছে জোয়ারি রুটি,
দুর্গতোরণে নাকাড়া বাজিতে বাহিরে আসিল ছুটি ৷
প্রাকারে চড়িয়া দেখিল চাহিয়া দক্ষিণে বহুদূরে
আকাশ জুড়িয়া উড়িয়াছে ধুলা মরাঠি অশ্বখুরে ৷
‘মরাঠার যত পতঙ্গপাল কৃপাণ-অনলে আজ
ঝাঁপ দিয়া পড়ি ফিরে নাকো যেন’ গর্জিলা দুমরাজ ৷ ৷
মাড়োয়ার হতে দূত আসি বলে, ‘বৃথা এ সৈন্যসাজ ৷
হেরো এ প্রভুর আদেশপত্র দুর্গেশ দুমরাজ!
সিন্দে আসিছে, সঙ্গে তাঁহার ফিরিঙ্গি সেনাপতি—
সাদরে তাঁদের ছাড়িবে দুর্গ, আজ্ঞা তোমার প্রতি ৷
বিজয়লক্ষ্মী হয়েছে বিমুখ বিজয়সিংহ-’পরে,
বিনা সংগ্রামে আজমির গড় দিবে মরাঠার করে ৷’
‘প্রভুর আদেশে বীরের ধর্মে বিরোধ বাধিল আজ’
নিশ্বাস ফেলি কহিলা কাতরে দুর্গেশ দুমরাজ ৷ ৷
মাড়োয়ার-দূত করিল ঘোষণা, ‘ছাড়ো ছাড়ো রণসাজ ৷’
রহিল পাষাণমুরতি-সমান দুর্গেশ দুমরাজ ৷
বেলা যায় যায়, ধূ ধূ করে মাঠ, দূরে দূরে চরে ধেনু—
তরুতলছায়ে সকরুণ রবে বাজে রাখালের বেণু ৷
‘আজমির গড় দিলা যবে মোরে পণ করিলাম মনে
প্রভুর দুর্গ শত্রুর করে ছাড়িব না এ জীবনে ৷
প্রভুর আদেশে সে সত্য হায় ভাঙিতে হবে কি আজ!’
এতেক ভাবিয়া ফেলে নিশ্বাস দুর্গেশ দুমরাজ ৷ ৷
রাজপুত সেনা সরোষে শরমে ছাড়িল সমরসাজ ৷
নীরবে দাঁড়ায়ে রহিল তোরণে দুর্গেশ দুমরাজ ৷
গেরুয়াবসনা সন্ধ্যা নামিল পশ্চিম-মাঠ-পারে,
মরাঠা সৈন্য ধুলা উড়াইয়া থামিল দুর্গদ্বারে ৷
‘দুয়ারের কাছে কে ওই শয়ান— ওঠো ওঠো, খোলো দ্বার ৷’
নাহি শোনে কেহ; প্রাণহীন দেহ সাড়া নাহি দিল আর ৷
প্রভুর কর্মে বীরের ধর্মে বিরোধ মিটাতে আজ
দুর্গদুয়ারে ত্যজিয়াছে প্রাণ দুর্গেশ দুমরাজ ৷ ৷
অগ্রহায়ণ ১৩০৬
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন