রবীন্দ্রনাথ ঠাকুর
সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি, মোর সভাতে?
হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি,
সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে ৷
সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে—
নবযৌবনসভাতে? ৷
সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে ৷
খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা,
ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্তকমল দুলালে ৷
পুলকিত মোর পরানে তোমার বিলোল নয়ন বুলালে,
সব কাজ মোর ভুলালে ৷ ৷
তার পরে হায় জানি নে কখন ঘুম এল মোর নয়নে ৷
উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে,
তরুতলে আছি একেলা পড়িয়া দলিত পত্রশয়নে ৷
তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুমচয়নে
ঘুম এল মোর নয়নে ৷ ৷
সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ঝরঝর বাদরে ৷
পথে লোক নাহি আর, রুদ্ধ করেছি দ্বার,
একা আছে প্রাণ ভূতলশয়ান আজিকার ভরা ভাদরে ৷
তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে
আজি ঝরঝর বাদরে?
তুমি যে এসেছ ভস্মমলিন তাপসমুরতি ধরিয়া ৷
স্তিমিত নয়নতারা ঝলিছে অনল-পারা,
সিক্ত তোমার জটাজূট হতে সলিল পড়িছে ঝরিয়া ৷
বাহির হইতে ঝড়ের আঁধার আনিয়াছ সাথে করিয়া
তাপসমুরতি ধরিয়া ৷ ৷
নমি হে ভীষণ, মৌন, রিক্ত, এসো মোর ভাঙা আলয়ে
ললাটে তিলকরেখা যেন সে বহ্নিলেখা,
হস্তে তোমার লৌহদণ্ড বাজিছে লৌহবলয়ে ৷
শূন্য ফিরিয়া যেয়ো না অতিথি, সব ধন মোর না লয়ে—
এসো এসো ভাঙা আলয়ে ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন