রবীন্দ্রনাথ ঠাকুর
আমারে যে ডাক দেবে এ জীবনে তারে বারম্বার
ফিরেছি ডাকিয়া ৷
সে নারী বিচিত্র বেশে মৃদু হেসে খুলিয়াছে দ্বার
থাকিয়া থাকিয়া ৷
দীপখানি তুলে ধ’রে মুখে চেয়ে, ক্ষণকাল থামি
চিনেছে আমারে ৷
তারি সেই চাওয়া সেই চেনার আলোক দিয়ে আমি
চিনি আপনারে ৷ ৷
সহস্রের বন্যাস্রোতে জন্ম হতে মৃত্যুর আঁধারে
চলে যাই ভেসে ৷
নিজেরে হারায়ে ফেলি অস্পষ্টের প্রচ্ছন্ন পাথারে
কোন নিরুদ্দেশে ৷
নামহীন দীপ্তিহীন তৃপ্তিহীন আত্মবিস্মৃতির
তমসার মাঝে
কোথা হতে অকস্মাৎ কর মোরে খুঁজিয়া বাহির
তাহা বুঝি না যে ৷ ৷
তব কণ্ঠে মোর নাম যেই শুনি গান গেয়ে উঠি
‘আছি, আমি আছি ৷’
সেই আপনার গানে লুপ্তির কুয়াশা ফেলে টুটি
বাঁচি আমি বাঁচি ৷
তুমি মোরে চাও যবে অব্যক্তের অখ্যাত আবাসে
আলো উঠে জ্ব’লে—
অসাড়ের সাড়া জাগে, নিশ্চল তুষার গ’লে আসে
নৃত্যকলরোলে ৷ ৷
নিঃশব্দ চরণে উষা নিখিলের সুপ্তির দুয়ারে
দাঁড়ায় একাকী,
রক্ত-অবগুণ্ঠনের অন্তরালে নাম ধরি কারে
চলে যায় ডাকি ৷
অমনি প্রভাত তার বীণা হাতে বাহিরিয়া আসে,
শূন্য ভরে গানে,
ঐশ্বর্য ছড়ায়ে দেয় মুক্তহস্তে আকাশে আকাশে—
ক্লান্তি নাহি জানে ৷ ৷
কোন জ্যোতির্ময়ী হোথা অমরাবতীর বাতায়নে
রচিতেছে গান
আলোকের বর্ণে বর্ণে, নির্নিমেষ উদ্দীপ্ত নয়নে
করিছে আহবান ৷
তাই তো চাঞ্চল্য জাগে মাটির গভীর অন্ধকারে—
রোমাঞ্চিত তৃণে
ধরণী ক্রন্দিয়া উঠে, প্রাণস্পন্দ ছুটে চারি ধারে
বিপিনে বিপিনে ৷ ৷
তাই তো গোপন ধন খুঁজে পায় অকিঞ্চন ধূলি
নিরুদ্ধ ভাণ্ডারে,
বর্ণে গন্ধে রূপে রসে আপনার দৈন্য যায় ভুলি
পত্রপুষ্পভারে ৷
দেবতার প্রার্থনায় কার্পণ্যের বন্ধ মুষ্টি খুলে—
রিক্ততারে টুটি
রহস্যসমুদ্রতল উন্মথিয়া উঠে উপকূলে
রত্ন মুঠি মুঠি ৷ ৷
তুমি সে আকাশভ্রষ্ট প্রবাসী আলোক, হে কল্যাণী,
দেবতার দূতী ৷
মর্তের গৃহের প্রান্তে বহিয়া এনেছে তব বাণী
স্বর্গের আকূতি ৷
ভঙ্গুর মাটির ভাণ্ডে গুপ্ত আছে যে অমৃতবারি
মৃত্যুর আড়ালে
দেবতার হয়ে হেথা তাহারি সন্ধানে তুমি, নারী,
দু বাহু বাড়ালে ৷ ৷
তাই তো কবির চিত্তে কল্পলোকে টুটিল অর্গল
বেদনার বেগে,
মানসতরঙ্গতলে বাণীর সংগীতশতদল
নেচে ওঠে জেগে ৷
সুপ্তির তিমিরবক্ষ দীর্ণ করে তেজস্বী তাপস
দীপ্তির কৃপাণে,
বীরের দক্ষিণ হস্ত মুক্তিমন্ত্রে বজ্র করে বশ—
অসত্যেরে হানে ৷ ৷
হে অভিসারিকা, তব বহুদূর পদধ্বনি লাগি
আপনার মনে
বাণীহীন প্রতীক্ষায় আমি আজ একা বসে জাগি
নির্জন প্রাঙ্গণে ৷
দীপ চাহে তব শিখা, মৌনী বীণা ধেয়ায় তোমার
অঙ্গুলিপরশ—
তারায় তারায় খোঁজে তৃষ্ণায় আতুর অন্ধকার
সঙ্গসুধারস ৷ ৷
নিদ্রাহীন বেদনায় ভাবি, কবে আসিবে পরানে
চরম আহবান ৷
মনে জানি, এ জীবনে সাঙ্গ হয় নাই পূর্ণ তানে
মোর শেষ গান ৷
কোথা তুমি, শেষবার যে ছোঁওয়াবে তব স্পর্শমণি
আমার সংগীতে?
মহানিস্তব্ধের প্রান্তে কোথা বসে রয়েছ, রমণী,
নীরব নিশীথে? ৷
মহেন্দ্রের বজ্র হতে কালো চক্ষে বিদ্যুতের আলো
আনো আনো ডাকি—
বর্ষণকাঙাল মোর মেঘের অন্তরে বহ্নি জ্বালো
হে কালবৈশাখী ৷
অশ্রুভারে-ক্লান্ত তার স্তব্ধ মূক অবরুদ্ধ দান
কালো হয়ে উঠে ৷
বন্যাবেগে মুক্ত করো, রিক্ত করি করো পরিত্রাণ—
সব লও লুটে ৷ ৷
তার পরে যাও যদি যেয়ো চলি, দিগন্ত-অঙ্গন
হয়ে যাবে স্থির ৷
বিরহের শুভ্রতায় শূন্যে দেখা দিবে চিরন্তন
শান্তি সুগম্ভীর ৷
স্বচ্ছ আনন্দের মাঝে মিলে যাবে সর্বশেষ লাভ,
সর্বশেষ ক্ষতি,
দুঃখে সুখে পূর্ণ হবে অরূপসুন্দর আবির্ভাব—
অশ্রুধৌত জ্যোতি ৷ ৷
ওরে পান্থ, কোথা তোর দিনান্তের যাত্রাসহচরী?
দক্ষিণপবন
বহুক্ষণ চলে গেছে অরণ্যের পল্লব মর্মরি,
নিকুঞ্জভবন
গন্ধের ইঙ্গিত দিয়ে বসন্তের উৎসবের পথ
করে না প্রচার ৷
কাহারে ডাকিস তুই, গেছে চলে তার স্বর্ণরথ
কোন সিন্ধুপার? ৷
জানি জানি, আপনার অন্তরের গহনবাসীরে
আজিও না চিনি ৷
সন্ধ্যারতিলগ্নে কেন আসিলে না নিভৃত মন্দিরে
শেষ পূজারিনি?
কেন সাজালে না দীপ, তোমার পূজার মন্ত্রগানে
জাগায়ে দিলে না—
তিমিররাত্রির বাণী গোপনে যা লীন আছে প্রাণে
দিনের অচেনা? ৷
অসমাপ্ত পরিচয়, অসম্পূর্ণ নৈবেদ্যের থালি
নিতে হল তুলে ৷
রচিয়া রাখে নি মোর প্রেয়সী কি বরণের ডালি
মরণের কূলে!
সেখানে কি পুষ্পবনে গীতহীনা রজনীর তারা
নবজন্ম লভি
এই নীরবের বক্ষে নব ছন্দে ছুটাবে ফোয়ারা—
প্রভাতী ভৈরবী? ৷
হারুনা-মারু জাহাজ
১ অক্টোবর ১৯২৪
[:১৫ আশ্বিন ১৩৩১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন