রবীন্দ্রনাথ ঠাকুর
ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয়—
কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায় ৷
ঝিকিঝিকি করি কাঁপিতেছে বট,
ওগো, ঘাটে আয়, নিয়ে আয় ঘট—
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায় ৷
ভোর থেকে আজ বাদল ছুটেছে, আয় গো আয় ৷ ৷
তোমাদের সেই ছায়া-ঘেরা দিঘি না আছে তল,
কূলে কূলে তার ছেপে ছেপে আজি উঠেছে জল ৷
এ ঘাট হইতে ও ঘাটে তাহার
কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায় ৷
আজ ভোর হতে নাই গো বাদল, আয় গো আয় ৷ ৷
ঘাটে পঁইঠায় বসিবি বিরলে ডুবায়ে গলা,
হবে পুরাতন প্রাণের কথাটি নূতন বলা ৷
সে কথার সাথে রেখে রেখে মিল
থেকে থেকে ডেকে উঠিবে কোকিল,
কানাকানি ক’রে ভেসে যাবে মেঘ আকাশগায় ৷
আজ ভোর থেকে নাই গো বাদল, আয় গো আয় ৷ ৷
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
খঞ্জনদুটি আলস্যভরে ছেড়েছে খেলা ৷
কলস পাকড়ি আঁকড়িয়া বুকে
ভরা জলে তোরা ভেসে যাবি সুখে,
তিমিরনিবিড় ঘনঘোর ঘুমে স্বপনপ্রায় ৷
আজ ভোর থেকে নাই গো বাদল, আয় গো আয় ৷ ৷
মেঘ ছুটে গেল, নাই গো বাদল, আয় গো আয়—
আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায় ৷
পতঙ্গ যেন ছবিসম আঁকা
শৈবাল-’পরে মেলে আছে পাখা,
জলের কিনারে বসে আছে বক গাছের ছায় ৷
আজ ভোর থেকে নাই গো বাদল, আয় গো আয় ৷ ৷
শিলাইদহ
২৭ জ্যৈষ্ঠ ১৩০৭
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন