রবীন্দ্রনাথ ঠাকুর
রুদ্র, তোমার দারুণ দীপ্তি
এসেছে দুয়ার ভেদিয়া;
বক্ষে বেজেছে বিদ্যুৎবাণ
স্বপ্নের জাল ছেদিয়া ৷ ৷
ভাবিতেছিলাম উঠি কি না উঠি,
অন্ধ তামস গেছে কিনা ছুটি,
রুদ্ধ নয়ন মেলি কি না মেলি
তন্দ্রাজড়িমা মাজিয়া ৷
এমন সময়ে, ঈশান, তোমার
বিষাণ উঠেছে বাজিয়া ৷
বাজে রে গরজি বাজে রে,
দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে
দীপ্ত গগনমাঝে রে ৷
চমকি জাগিয়া পূর্বভুবন
রক্তবদন লাজে রে ৷ ৷
ভৈরব, তুমি কী বেশে এসেছ!
ললাটে ফুঁসিছে নাগিনী;
রুদ্রবীণায় এই কি বাজিল
সুপ্রভাতের রাগিণী?
মুগ্ধ কোকিল কই ডাকে ডালে?
কই ফোটে ফুল বনের আড়ালে?
বহুকাল পরে হঠাৎ যেন রে
অমানিশা গেল ফাটিয়া—
তোমার খড়্গ আঁধার-মহিষে
দুখানা করিল কাটিয়া ৷
ব্যথায় ভুবন ভরিছে—
ঝর ঝর করি রক্ত-আলোক
গগনে গগনে ঝরিছে
কেহ-বা জাগিয়া উঠিছে কাঁপিয়া,
কেহ-বা স্বপনে ডরিছে ৷ ৷
তোমার শ্মশানকিঙ্করদল,
দীর্ঘ নিশায় ভুখারি ৷
শুষ্ক অধর লেহিয়া লেহিয়া
উঠিছে ফুকারি ফুকারি ৷
অতিথি তারা যে আমাদের ঘরে
করিছে নৃত্য প্রাঙ্গণ-’পরে,
খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ,
থেকো না থেকো না লুকায়ে—
যার যাহা আছে আনো বহি আনো,
সব দিতে হবে চুকায়ে ৷
ঘুমায়ো না আর কেহ রে ৷
হৃদয়পিণ্ড ছিন্ন করিয়া
ভাণ্ড ভরিয়া দেহো রে ৷
ওরে দীনপ্রাণ, কী মোহের লাগি
রেখেছিস মিছে স্নেহ রে ৷ ৷
উদয়ের পথে শুনি কার বাণী,
‘ভয় নাই, ওরে ভয় নাই—
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই ৷’
হে রুদ্র, তব সংগীত আমি
কেমনে গাহিব কহি দাও স্বামী—
মরণনৃত্যে ছন্দ মিলায়ে
হৃদয়ডমরু বাজাব;
ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে
তোমার অর্ঘ্য সাজাব ৷
এসেছে প্রভাত এসেছে ৷
তিমিরান্তক শিবশঙ্কর
কী অট্টহাস হেসেছে!
যে জাগিল তার চিত্ত আজিকে
ভীম আনন্দে ভেসেছে ৷ ৷
জীবন সঁপিয়া, জীবনেশ্বর,
পেতে হবে তব পরিচয়;
তোমার ডঙ্কা হবে যে বাজাতে
সকল শঙ্কা করি জয় ৷
ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে
প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে,
ভালোই হয়েছে প্রভাত এসেছে
মেঘের সিংহবাহনে—
মিলনযজ্ঞে অগ্নি জ্বালাবে
বজ্রশিখার দাহনে ৷
তিমিররাত্রি পোহায়ে
মহাসম্পদ তোমারে লভিব
সব সম্পদ খোয়ায়ে—
মৃত্যুরে লব অমৃত করিয়া
তোমার চরণে ছোঁয়ায়ে ৷ ৷
[:শান্তিনিকেতন:]
৮ বৈশাখ ১৩১৪
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন