রবীন্দ্রনাথ ঠাকুর
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ—
চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ ৷
বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোনপাপড়ি,
তাহার অধিক মিঠে, কন্যা, কোমল হাতের চাপড়ি ৷ ৷
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ—
চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ ৷
ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি,
তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি ৷ ৷
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ—
চার তিতো দেখাতে পারো যাব তোমার সঙ্গ ৷
উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত,
তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত ৷ ৷
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ—
চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ ৷
লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা,
তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা ৷ ৷
এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ—
চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ ৷
মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না,
তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন