রবীন্দ্রনাথ ঠাকুর
প্রবাসের দিন মোর পরিপূর্ণ করি দিলে, নারী,
মাধুর্যসুধায়; কত সহজে করিলে আপনারি
দূরদেশী পথিকেরে, যেমন সহজে সন্ধ্যাকাশে
আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে
আমারে করিল অভ্যর্থনা ৷ নির্জন এ বাতায়নে
একেলা দাঁড়ায়ে যবে চাহিলাম দক্ষিণগগনে
ঊর্ধ্ব হতে একতানে এল প্রাণে আলোকেরই বাণী;
শুনিনু গম্ভীর স্বর, ‘তোমারে যে জানি মোরা জানি ৷
আঁধারের কোল হতে যেদিন কোলেতে নিল ক্ষিতি
মোদের অতিথি তুমি, চিরদিন আলোর অতিথি ৷’
তেমনি তারার মতো মুখে মোর চাহিলে কল্যাণী,
কহিলে তেমনি স্বরে, ‘তোমারে যে জানি আমি জানি ৷’
জানি না তো ভাষা তব, হে নারী, শুনেছি তব গীতি—
‘প্রেমের অতিথি কবি, চিরদিন আমারি অতিথি ৷’
বুয়েনোস এয়ারিস
১৫ নভেম্বর ১৯২৪
[:২৯ কার্তিক ১৩৩১:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন