রবীন্দ্রনাথ ঠাকুর
হে রাজেন্দ্র, তব হাতে কাল অন্তহীন ৷
গণনা কেহ না করে; রাত্রি আর দিন
আসে যায়, ফুটে ঝরে যুগযুগান্তরা ৷
বিলম্ব নাহিকো তব, নাহি তব ত্বরা—
প্রতীক্ষা করিতে জানো ৷ শতবর্ষ ধ’রে
একটি পুষ্পের কলি ফুটাবার তরে
চলে তব ধীর আয়োজন ৷ কাল নাই
আমাদের হাতে; কাড়াকাড়ি করে তাই
সবে মিলি; দেরি কারো নাহি সহে কভু ৷ ৷
আগে তাই সকলের সব সেবা, প্রভু,
শেষ করে দিতে দিতে কেটে যায় কাল,
শূন্য পড়ে থাকে হায় তব পূজাথাল ৷ ৷
অসময়ে ছুটে আসি, মনে বাসি ভয়—
এসে দেখি যায় নাই তোমার সময় ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন