রবীন্দ্রনাথ ঠাকুর
দেহে আর মনে প্রাণে হয়ে একাকার
একি অপরূপ লীলা এ অঙ্গে আমার ৷ ৷
একি জ্যোতি, একি ব্যোম দীপ্ত-দীপ-জ্বালা—
দিবা আর রজনীর চিরনাট্যশালা ৷
একি শ্যাম বসুন্ধরা— সমুদ্রে চঞ্চল,
পর্বতে কঠিন, তরু-পল্লবে কোমল,
অরণ্যে আঁধার! একি বিচিত্র বিশাল
অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল
আমার ইন্দ্রিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ!
প্রত্যেক প্রাণীর মাঝে প্রকাণ্ড জগৎ ৷ ৷
তোমারি মিলনশয্যা, হে মোর রাজন,
ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন
অসীম, বিচিত্র, কান্ত ৷ ওগো বিশ্বভূপ,
দেহে মনে প্রাণে আমি একি অপরূপ ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন