রবীন্দ্রনাথ ঠাকুর
বৃথা চেষ্টা রাখি দাও ৷ স্তব্ধনীরবতা
আপনি তুলিবে গড়ি আপনার কথা ৷
আজি সে রয়েছে ধ্যানে— এ হৃদয় মম
তপোভঙ্গভয়ভীত তপোবন-সম ৷
এমন সময় হেথা বৃথা তুমি, প্রিয়া,
বসন্ত কুসুমমালা এসেছ পরিয়া;
এনেছ অঞ্চল ভরি যৌবনের স্মৃতি—
নিভৃত নিকুঞ্জে আজি নাই কোনো গীতি ৷
শুধু এ মর্মরহীন বনপথ-’পরি
তোমারি মঞ্জীরদুটি উঠিছে গুঞ্জরি ৷
প্রিয়তমে, এ কাননে এলে অসময়ে;
কালিকার গান আজি আছে মৌনী হয়ে ৷
তোমারে হেরিয়া তারা হতেছে ব্যাকুল;
অকালে ফুটিতে চাহে সকল মুকুল ৷ ৷
২৯ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন