রবীন্দ্রনাথ ঠাকুর
নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে,
নাইতে যখন যাই দেখি সে
জলের ঢেউয়ে নাচে ৷
আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে
মাঝনদীতে নৌকো কোথায়
চলে ভাঁটার টানে ৷
জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে,
সেখানেতে কেমন মানুষ
থাকে কেমন বেশে!
থাকি ঘরের কোণে, সাধ জাগে মোর মনে—
অমনি করে যাই ভেসে, ভাই,
নতুন নগর বনে ৷
দূর সাগরের পারে জলের ধারে ধারে
নারিকেলের বনগুলি সব
দাঁড়িয়ে সারে সারে ৷
পাহাড়চূড়া সাজে নীল আকাশের মাঝে,
বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া
কেউ তা পারে না যে ৷
কোন সে বনের তলে নতুন ফুলে ফলে
নতুন নতুন পশু কত
বেড়ায় দলে দলে ৷
কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে—
বাবা কেন আপিসে যায়,
যায় না নতুন দেশে?
পৌষ ৷ ১৩৩৬
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন