রবীন্দ্রনাথ ঠাকুর
তুমি কি কেবল ছবি, শুধু পটে লিখা?
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড়
আকাশের নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো-হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মতো সত্য নও?
হায় ছবি, তুমি শুধু ছবি? ৷
চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও?
পথিকের সঙ্গ লও
ওগো পথহীন—
কেন রাত্রিদিন
সকলের মাঝে থেকে সবা হতে আছ এত দূরে
স্থিরতার চির-অন্তঃপুরে?
এই ধূলি
ধূসর অঞ্চল তুলি
বায়ুভরে ধায় দিকে দিকে,
বৈশাখে সে বিধবার আভরণ খুলি
তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে,
অঙ্গে তার পত্রলিখা দেয় লিখে
বসন্তের মিলন-উষায়—
এই ধূলি এও সত্য হায় ৷
এই তৃণ
বিশ্বের চরণতলে লীন—
এরা যে অস্থির, তাই এরা সত্য সবই ৷
তুমি স্থির, তুমি ছবি,
তুমি শুধু ছবি ৷ ৷
একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে ৷
বক্ষ তব দুলিত নিশ্বাসে—
অঙ্গে অঙ্গে প্রাণ তব
কত গানে কত নাচে
রচিয়াছে
আপনার ছন্দ নব নব
বিশ্বতালে রেখে তাল—
সে যে আজ হল কতকাল!
এ জীবনে
আমার ভুবনে
কত সত্য ছিলে!
মোর চক্ষে এ নিখিলে
দিকে দিকে তুমিই লিখিলে
রূপের তুলিকা ধরি রসের মুরতি ৷
সে প্রভাতে তুমিই তো ছিলে
এ বিশ্বের বাণী মূর্তিমতী ৷ ৷
একসাথে পথে যেতে যেতে
রজনীর আড়ালেতে
তুমি গেলে থামি ৷
তার পরে আমি
কত দুঃখে সুখে
রাত্রিদিন চলেছি সম্মুখে ৷
চলেছে জোয়ার-ভাঁটা আলোকে আঁধারে
আকাশপাথারে;
পথের দুধারে
চলেছে ফুলের দল নীরব চরণে
বরনে বরনে;
সহস্রধারায় ছোটে দুরন্ত জীবননির্ঝরিণী
মরণের বাজায়ে কিঙ্কিণী ৷
অজানার সুরে
চলিয়াছি দূর হতে দূরে,
মেতেছি পথের প্রেমে ৷
তুমি পথ হতে নেমে
যেখানে দাঁড়ালে
সেখানেই আছ থেমে ৷
এই তৃণ, এই ধূলি, ওই তারা, ওই শশীরবি,
সবার আড়ালে
তুমি ছবি, তুমি শুধু ছবি ৷
কী প্রলাপ কহে কবি!
তুমি ছবি!
নহে, নহে, নও শুধু ছবি ৷
কে বলে, রয়েছ স্থির রেখার বন্ধনে
নিস্তব্ধ ক্রন্দনে?
মরি মরি, সে আনন্দ থেমে যেত যদি
এই নদী
হারাত তরঙ্গবেগ,
এই মেঘ
মুছিয়া ফেলিত তার সোনার লিখন ৷
তোমার চিকন
চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত
তবে
একদিন কবে
চঞ্চল পবনে লীলায়িত
মর্মরমুখর ছায়া মাধবীবনের
হ’ত স্বপনের ৷
তোমায় কি গিয়েছিনু ভুলে?
তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে,
তাই ভুল ৷
অন্যমনে চলি পথে— ভুলি নে কি ফুল,
ভুলি নে কি তারা?
তবুও তাহারা
প্রাণের নিশ্বাসবায়ু করে সুমধুর,
ভুলের শূন্যতা-মাঝে ভরি দেয় সুর ৷
ভুলে থাকা নয় সে তো ভোলা;
বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা ৷
নয়নসম্মুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই,
আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল ৷
আমার নিখিল
তোমাতে পেয়েছে তার অন্তরের মিল ৷
নাহি জানি, কেহ নাহি জানে—
তব সুর বাজে মোর গানে;
কবির অন্তরে তুমি কবি—
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি ৷ ৷
তোমারে পেয়েছি কোন প্রাতে,
তার পরে হারায়েছি রাতে ৷
তার পরে অন্ধকারে অগোচরে তোমারেই লভি ৷
নও ছবি, নও তুমি ছবি ৷ ৷
এলাহাবাদ
রাত্রি ৷ ৩ কার্তিক ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন