রবীন্দ্রনাথ ঠাকুর
কোন বাণিজ্যে নিবাস তোমার কহো আমায় ধনী,
তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনি!
দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণদেশে
কঠিন তব নূপুর ঘেঁষে আর বসে না রইব ৷
এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নৈব নৈব ৷
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই ৷
তোমায় যদি না পাই তবু আর-কারে তো পাবই ৷ ৷
সাজিয়ে নিয়ে জাহাজখানি, বসিয়ে হাজার দাঁড়ি,
কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পাড়ি!
কোন তারকা লক্ষ্য করি কূল-কিনারা পরিহরি
কোন দিকে যে বাইব তরী অকূল কালো নীরে ৷
মরব না আর ব্যর্থ আশায় বালুমরুর তীরে ৷
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই ৷
তোমায় যদি না পাই তবু আর-কারে তো পাবই ৷ ৷
সাগর উঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে,
সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে ৷
দক্ষিণে চাই, উত্তরে চাই, ফেনায় ফেনা, আর কিছু নাই—
যদি কোথাও কূল নাহি পাই তল পাব তো তবু ৷
ভিটার কোণে হতাশ-মনে রইব না আর কভু ৷
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই ৷
তোমায় যদি না পাই তবু আর-কারে তো পাবই ৷ ৷
নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা,
শৈলচূড়ায় নীড় বেঁধেছে সাগর-বিহঙ্গেরা ৷
নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী—
সোনার রেণু আনব ভরি সেথায় নামি যদি ৷
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই ৷
তোমায় যদি না পাই তবু আর-কারে তো পাবই ৷ ৷
অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায় ৷
নব নব পবনভরে যাব দ্বীপে দ্বীপান্তরে,
নেব তরী পূর্ণ করে অপূর্ব ধন যত ৷
ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো ৷
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই ৷
তোমায় যদি না পাই তবু আর-কারে তো পাবই ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন