রবীন্দ্রনাথ ঠাকুর
তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন,
নাই বা তোমার থাকল প্রয়োজন ৷
যখন তোমার পেলাম দেখা, অন্ধকারে একা একা
ফিরতেছিলে বিজন গভীর বন ৷
ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে,
নাই বা তোমার থাকল প্রয়োজন ৷ ৷
দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি,
গায়ে তোমার ছড়ায় ধুলাবালি ৷
অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে
আপন সুরে আপনি নিমগন ৷
ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে,
নাই বা তোমার থাকল প্রয়োজন ৷ ৷
দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব—
নানা ভাষায় নানান কলরব ৷
ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে
কত যে শাপ, কত যে ক্রন্দন ৷
ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,
নাই বা তোমার থাকল প্রয়োজন ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন